সিরাজগঞ্জে ট্রাকে পেট্রোল বোমা হামলা
হরতালের প্রথমদিনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি সারবোঝাই ট্রাকসহ দুটি ট্রাকে পেট্রোল বোমা হামলা করেছে হরতাল সমর্থকরা। ভাংচুর করা হয়েছে বেশকিছু যানবাহন।
শনিবার ভোরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বোয়ালিয়া বাজার এলাকায় পিকেটাররা পেট্রোল বোমা হামলা চালায়।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেট্রোল বোমায় ট্রাক দুটির সামনের অংশ পুড়ে গেছে এবং প্রায় দেড়শ সারের বস্তা নষ্ট হয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ারসার্ভিস কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণ করেন।
তিনি জানান, চারশ' বস্তা ইউরিয়া সার নিয়ে ট্রাকটি বাঘাবাড়ি নৌ-বন্দরের সারঘাট থেকে নাটোর জেলায় যাচ্ছিল। আগুন নেভানোর পর মাত্র ২৫৩ বস্তা সার অক্ষত পাওয়া গেছে।
ওসি আরো বলেন, একই মহাসড়কের শ্রীকোলা, চৌকিদহ, বোয়ালিয়া, পূর্বদেলুয়া ও চালা এলাকায় পিকেটাররা তিনটি অটোরিকশা ও দুইটি নছিমন ভাংচুর করেছে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে তারা সটকে পড়ে বলেও জানান তিনি।
