পবায় ভোটকেন্দ্র ও পুলিশ ফাঁড়িতে হামলা
রাজশাহীর পবা উপজেলার একটি ভোটকেন্দ্র ও একটি পুলিশ ফাঁড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যায় বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এবং বায়া পুলিশ ফাঁড়িতে এ হামলা চালানো হয়।
বিএনপি সমর্থকদের এ হামলায় দুই পুলিশ সদস্য আহত হন বলে পুলিশ জানিয়েছে।
নগরীর শাহমখদুম থানার ওসি হাফিজুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একদল বিএনপিকর্মী বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পর পর দুটি পেট্রোল বোমা ও ১০টি হাতবোমা নিক্ষেপ করে।
হাতবোমার আঘাতে কনস্টেবল বেলাল হোসেন ও সাজিউল আহত হন। তাদেরকে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোমা হামলার সময় স্থানীয় জনতার সহযোগিতায় জাহিদুল ও জয়নুল নামের দুই বিএনপিকর্মীকে হাতেনাতে আটক করা হয়েছে বলেও জানান হাফিজুর।
এ সময় তাদের কাছ থেকে তিনটি হাতবোমা উদ্ধার করা হয়।
ওসি হাজিজুর আরো বলেন, এ ঘটনার একঘণ্টা পর সাড়ে ৭টার দিকে বায়া পুলিশ ফাঁড়িতে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।
বোমাটি ফাঁড়ির ভিতরে গিয়ে ঘরের মেঝেতে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
