২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে  হরতালকারীদের মিছিল থেকে ভাংচুর

দিনাজপুর শহরে ১৮ দলের মিছিল থেকে ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান ও রেল স্টেশনে ভাংচুর চালানো হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 05:27 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শনিবার দুপুরে হরতাল সমর্থকরা আনসার-ভিডিপি সদস্যদের লাঠি কেড়ে নিয়ে মিছিলটি করে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, মিছিল থেকে শাহজালাল ইমলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক বুথ, মার্টিন রেস্তোরাঁ, কনকর্ড আবাসিক হোটেল, রেল স্টেশনের টিকেট কাউন্টারসহ বিভিন্ন কক্ষের দরজা-জানালার কাচ ভাংচুর করা হয়।

ঘটনার পর শহরের বিভিন্ন স্থানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এর আগে হরতালের দায়িত্ব পালনের জন্য আনসার-ভিডিবি সদস্যরা সদর উপজেলা পরিষদে যাওয়ার সময় শহরের চৌরঙ্গী মোড়ে পিকেটাররা তাদের লাঠি কেড়ে নেয়। এরপর ওই লাঠি নিয়েই থানা এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে তারা।

কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন জানান, লাঠি কেড়ে নেয়ার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে সেখানে কাউকে পাওয়া যায়নি।

এদিকে পুলিশ সুপার রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অধিকাংশ পুলিশ ভোটের দায়িত্বে নিয়োজিত রয়েছে। এরপরও ১০টি মোবাইল টিম আইনশৃংখলা নিয়ন্ত্রণে কাজ করছে।