২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ব্যালটে জামায়াতের আগুন

গাইবান্ধার সাদুল্লাপুরে ভোটকেন্দ্রে নেয়ার পথে ব্যালট পেপার ও বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবির সমর্থকরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 05:11 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে সাদুল্লাপুর-ঠুঠিয়াপুকুর সড়কের কুঞ্জমহিপুর বান্নীর টেকানির মোড়ে এ হামলা হয়।

উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এসব সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাদুল্লাপুর গার্লস কলেজের উপাধ্যক্ষ শফিকুল আলম জানান, বেলা আড়াইটার দিকে একজন পুলিশ সদস্য ও ৭/৮ জন আনসার সদস্যরা ভটভটিতে (শ্যালো ইঞ্জিল চালিত স্থানীয় যানবাহন) করে ব্যালট পেপার ও বাক্সসহ অন্যান্য সরঞ্জাম সাদুল্লাপুর উপজেলা পরিষদ থেকে ভোট কেন্দ্র অভিমুখে রওনা হয়।

“পথে ওই স্থানে জামায়াত শিবিরের ৩০/ ৪০ জন নেতাকর্মী হামলা চালিয়ে তাদেরকে মারপিট করে। পরে ব্যালট পেপার ও বাক্সসহ যাবতীয় সরঞ্জাম আগুনে দিয়ে পুড়ে দেয় জামায়াত শিবির ক্যাডাররা। তারা ওই পুলিশ সদস্যের মোবাইল ফোনও কেড়ে নেয়।”

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করা হচ্ছে।