২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রেনে আগুন, সংঘর্ষে আহত ২০

হরতালে নাটোর ট্রেনে অগ্নিসংযোগ করার পর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 04:32 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শনিবার সকালে এ সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়। একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়া হয়। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে।

নাটোর সদর থানার ওসি আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অস্ত্রধারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

গুলিবিদ্ধ শহর যুবলীগকর্মী আল আমিনকে (৩২) নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধারালো অস্ত্রের আঘাতে আহতদের মধ্যে রয়েছেন যুবলীগকর্মী জুয়েল (২৬), জহুরুল (২৮) ও জেলা যুবদলের সভাপতি আফতাব হোসেন (৩৫), বিএনপিকর্মী মাহবুবুর রহমান (৩৫), জহির উদ্দিন (৩৪), সানোয়ার হোসেন (৩২) ও কামরুল ব্যাপারী (৩৬)।

এদের শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে রেলস্টেশনে দাঁড়ানো একতা এক্সপ্রেস ট্রেনে হরতাল সমর্থকরা অগ্নিসংযোগ ও ভাংচুর করে। এতে ট্রেনের গার্ডরুম ও শীতাতপ নিয়ন্ত্রিত বগি ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।

এ সময় উভয়দলের কর্মীরা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা করে।

সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করলে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়। এক পর্যায়ে বিএনপিকর্মীরা মিঠু নামের এক যুবলীগকর্মীর একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং অপর এক আওয়ামী লীগকর্মীর একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

দুপুর সাড়ে ১২টায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাটোর সরকারি এন এস কলেজ ছাত্রলীগ সভাপতি বুলবুল আহমেদ যুবলীগ কর্মীদের আহত হওয়ার বিষয় এবং জেলা যুবদল সভাপতি আফতাব হোসেন নিজের ও সহকর্মীদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।