বগুড়ায় ছাত্রলীগের মিছিলে হাতবোমা হামলা
বগুড়ায় ছাত্রলীগের মিছিলে হাতবোমা হামলা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুর পৌণে ২টার দিকে শহরের থানা মোড়ে এ হামলায় সাতজন আহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটির নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শহরের সাতমাথা এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি সমাবেশ হয়।
সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি সদর থানা মোড় ঘুরে আসার সময় মিছিলকে লক্ষ্য করে হাতবোমা হামলা চালানো হয়। হামলার পর মিছিলটি ছত্র-ভঙ্গ হয়ে যায়।
হামলার জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফি হিরো বলেন, এতে ছাত্রলীগ কর্মী আইনুল, মিল্লাত, শামীম, খালেকুজ্জামান রাজা, তোফাজ্জলসহ সাতজন আহত হয়েছেন।
বগুড়া সদর ফাঁড়ির উপ-পরিদর্শক মুঞ্জুরুল হক ভূঁইয়া জানান, মিছিলকে লক্ষ্য করে হাতবোমা হামলা হলে পুলিশ ৪/৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
