২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার

৫ জানুয়ারির নির্বাচনকে ঘিরে বিভিন্ন জেলায় ভোটকেন্দ্র পুড়ানোর ঘটনার মধ্যে ঢাকার ৮টি নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 02:37 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি জানাতে শনিবার মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের এতথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানীর আটটি আসনের কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসব আসনের এক হাজার ২১টি কেন্দ্রে কোনো ধরনের নাশকতা হবে না।

“পুলিশ-র‌্যাবের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী রাজধানীতে এমনভাবে থাকবে- যাতে দুর্বৃত্তরা কোনো ধরনের নাশকতা করতে না পারে।”

নাশকতা ঠেকাতে আত্মবিশ্বাসের উৎস জানতে চাইলে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, “পুলিশের কাছে তথ্য ছিল শুক্রবার রাতে রাজধানীর প্রায় অর্ধেক কেন্দ্রে পুড়িয়ে দেয়া হবে। কিন্তু পুলিশ তৎপরত থাকায় দুর্বৃত্তরা কোনো নাশকতা ঘটাতে পারেনি।

“তাদের শুক্রবারের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। শনিবার থেকে অফিসিয়ালি সব কেন্দ্রে নিরাপত্তাকর্মী নিয়োজিত করা হচ্ছে।”

তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রগুলোতে নিয়োজিত নিরাপত্তাকর্মীর বাইরে সব বাহিনীর স্ট্রাইকিং ফোর্সগুলো খুব কাছাকাছি প্রস্তুত থাকবে বলে জানান তিনি।

সাধারণ ও গুরুত্বপূর্ণ- এই দুভাগে ভাগ করে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা কেন্দ্রের ধরণ অনুয়ায়ী নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি।”

পুলিশের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর মোট এক হাজার ২১টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৭৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে।

এগুলোর মধ্যে রয়েছে কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ি (আংশিক) নিয়ে ঢাকা-৪, যাত্রাবাড়ি, ডেমরা এবং কদমতলী (আংশিক) নিয়ে ঢাকা-৫, বংশাল, কোতোয়ালী, সুত্রাপুর, ওয়ারী, যাত্রাবাড়ি, এবং গেন্ডারিয়া (আংশিক) নিয়ে ঢাকা-৬, এবং লালবাগ, কোতোয়ালী, বংশাল ও চকবাজার (আংশিক) নিয়ে ঢাকা-৭ আসন উল্লেখযোগ্য।

এই পুলিশ কর্মকর্তা জানান, কেন্দ্রগুলোর আশেপাশে সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে। এছাড়া পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রভিত্তিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

রাজধানীতে নির্বাচনের দিন অন্যান্য দিনের মতোই ভ্রাম্যমাণ আদালত থাকবে। এছাড়া নির্বাচন কমিশনেরও ভ্রাম্যমাণ আদালত থাকবে বলে তিনি জানান।

৫ জানুয়ারি সারা দেশে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে নির্বাচন পূর্ববর্তী দুইদিনে সারা দেশে শতাধিক ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করেছে। নির্বাচন ঠেকাতে অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে ১৮ দলীয় জোট।