২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

মজুরি বোর্ড নির্ধারিত বেতন না দেয়ায় চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 12:51 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শনিবার সকালে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের পরিচালক তোফায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইপিজেডের সেকশন-৭ ও সেকশন-৭ অ্যাপারেলস শ্রমিকরা সকালে কারখানায় এসে কর্তৃপক্ষের কাছে জানতে পারে তাদের পুরোনো স্কেলে বেতন দেয়া হবে।

“এর পরপরই ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে ভাংচুর শুরু করে। তাদের থামাতে আসলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।”

সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ঘটনায় কমপক্ষে পাঁচ পুলিশ আহত হয়েছে বলেও জানান তিনি।

শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের সঙ্গে বহিরাগতরাও এ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং তারা আশপাশের অন্য কারখানায়ও হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয়া হয়।