লাশ ফেরত দিল বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পিটুনিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারত।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-বিএসএফ পতাকা বৈঠকের পর শুক্রবার রাতে পাটগ্রাম থানার এসআই আতিকুল ইসলামের কাছে আব্দুল হকের (৪৫) লাশ হস্তান্তর করা হয়।
নিহত হক পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার কসর উদ্দিনের ছেলে।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার মাথাভাঙ্গা হাসপাতালে নিহতের ময়না তদন্ত করা হয় বলে জানিয়েছেন রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের কুচলিবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের ভূঁইয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোররাতে ভারতের অভ্যন্তরে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা হককে ধরে পিটুনি দেয়। এতে মৃত্যু হয় তার।
রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রোকনুজ্জামান বলেন, বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানোর পর রাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে পাটগ্রাম থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর হয়।
