চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে আহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বোমা ‘তৈরির সময়’ বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন।
দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনায় আহত সোহেল ওরফে কালু (৪০) স্থানীয় কসিমুদ্দিনের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালু স্থানীয়ভাবে কালু ডাকাত নামে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।
শিবগঞ্জ থানার ওসি এস এম মিজানুর রহমান জানান, দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে বোমা তৈরি করছিলেন কালু। এ সময় একটি বোমা বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা উদ্ধার করে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে পাঠানোর পরামর্শ দেন।
