বগুড়ায় বিস্ফোরণে শিবির নেতার কব্জি বিচ্ছিন্ন
হাতবোমা ‘তৈরির সময়’ বিস্ফোরণে বগুড়ায় এক শিবির নেতার বাম হাতের কব্জি ও ডান হাতের তিনটি আঙুল উড়ে গেছে।
শুক্রবার সকালে শহরের জামিলনগরে এ ঘটনায় আহত জুয়েল সরকার সরকারি আজিজুল হক কলেজ ছাত্র শিবিরের সভাপতি।
শহরের একটি বেসরকারি হাসপাতালে গোপনের চিকিৎসা নেয়ার সময় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, বোমা বানানোর সময় এ বিস্ফোরণ ঘটেছে।
এ ঘটনায় বগুড়া শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম রেজাসহ আটজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) নাজির আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে বোমা বানানোর সময় বিস্ফোরণে জুয়েলের বাম হাতের কব্জি এবং ডান হাতের তিনটি আঙুল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এরপর জামায়াত নেতা সেলিম রেজার মালিকানাধীন ইসলামী হাসপাতালে গোপনে চিকিসা নিচ্ছিলেন জুয়েল। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ তাকে ওই হাসপাতাল থেকে গ্রেপ্তার করে।
পরে পুলিশ পাহারায় তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ কর্মকর্তা আরো জানান, এ বিষয়ে জানতে বগুড়া ইসলামী হাসপাতালের মালিক ও শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম রেজাসহ আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটক অন্যরা হলেন বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিউলোজি বিভাগের চিকিৎসক মিজানুর রহমান, আশরাফ, ওয়ার্ড বয় মোখলেছার রহমান, নার্স রুমিছা বেগম, তাহেরা খাতুন, রোজী খাতুন, ও ফেরদৌসি।
এদিকে গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে ঘটনাস্থল থেকে জুয়েলের বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুটি আঙুল ও মাংস উদ্ধার করা হয়েছে। তবে, কব্জির কোনো হদিস পাওয়া যায়নি।
এ ব্যাপারে শিবিরের শহর শাখার প্রচার সম্পাদক মিজানুর রহমান বলেন, জামিলনগর এলাকায় জুয়েল সরকারের বাসার সামনে একটি হাতবোমা সদৃশ্য কৌটা পড়েছিল। কৌটাটি হাতে নেওয়ার পরই জুয়েলের হাতে তা বিস্ফোরিত হয়।
