২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে বৈধ হওয়ার সুযোগ ২ মাস বাড়ল

অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার আওতায় বৈধ হওয়ার সুযোগ আরো দুই মাস বাড়িয়েছে সৌদি আরব সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 04:04 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শুক্রবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বৈধ হওয়ার জন্য এর আগে ৪ নভেম্বর পর্যন্ত সাত মাস সময় দেয়া হয়েছিল। তার মধ্যেও যারা বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারেননি, তাদের জন্যই এ ব্যবস্থা।

সৌদি আরবের পাসপোর্ট দপ্তরের পরিচালক মেজর জেনারেল সুলেইমান আল ইয়াহিয়াকে উদ্ধৃত করে পত্রিকাটি জানিয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মুহাম্মাদ বিন নাইফ আগামী ১ মার্চের মধ্যে অবৈধ অভিবাসীদের নথিপত্র সংশোধনের কাজ শেষ করতে শ্রম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

নানা জটিলতার কারণে যে অভিবাসীদের কাগজপত্র বৈধ করার কাজ মাঝপথে আটকে গিয়েছিল, তাদের জন্য এ খবর স্বস্তি নিয়ে এসেছে বলে আরব নিউজের খবরে উল্লেখ করা হয়।

তেল সমৃদ্ধ সৌদি আরবে প্রবাসী কর্মীদের এক-চতুর্থাংশই বাংলাদেশি। তবে ২০০৯ সাল থেকে দেশটিতে বাংলাদেশিদের কাজের অনুমতিপত্র পরিবর্তনের সুযোগ বন্ধ থাকায় জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ রয়েছে।

বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী, সাধারণ ক্ষমার প্রথম সাত মাসে প্রায় সাত লাখ বাংলাদেশি সৌদি আরবে বৈধ হওয়ার সুযোগ নিয়েছেন।

সৌদি আরবে বৈধ হওয়ার সময় বাড়ল