২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিমের গাড়ি বহরে হামলায় ১৪ দলের নিন্দা

রাজশাহীর চারঘাটে নির্বাচনী জনসভায় যাওয়ার পথে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মাদ নাসিমের গাড়ি বহরে বোমা হামলার নিন্দা জানিয়েছে ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 08:53 PM

Updated : 22 Aug 2022, 05:25 PM

বৃহস্পতিবার চারঘাটে যাওয়ার পথে মোহাম্মাদ নাসিমের গাড়িবহর আক্রান্ত হয়। সারদা পুলিশ একাডেমির ফটকের সামনে দুটি ও সারদা বাজারে দুটি হাতবোমা তার গাড়িবহরের দিকে ছুড়ে মারে অবরোধকারীরা।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

১৪ দলের কেন্দ্রীয় নেতারা এক বিবৃতিতে বলেন, গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে ঘোষিত তফসিল অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কোন বিকল্প নেই। অথচ দুর্ভাগ্যজনকভাবে তথাকথিত অবরোধ নামক গণবিরোধী কর্মসূচি দিয়ে নাগরিক জীবনকে এক অসহনীয় দুর্ভোগে নিপতিত করেছে বিরোধীদল।

বোমা হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান ১৪ দলের নেতারা।

বিবৃতিতে সই করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গণ আজাদী লীগের সভাপতি আবদুস সামাদ, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক রেজাউর রশিদ খান।

বিবৃতিতে ১৪ দলের নেতারা সরকারকে জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও সাংবিধানিক দায়িত্ব পালনে আরো কঠোর আইনানুগ পদক্ষেপ নেয়ার দাবি জানান।