পুলিশের বিরুদ্ধে ঘুষের মামলা অটোরিকশা চালকের
চুরি যাওয়া গাড়ি উদ্ধারের ১০ মাস পর ঘুষ দাবির অভিযোগে চট্টগ্রামের ট্রাফিক পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক সিএনজি অটোরিকশা চালক।
বৃহস্পতিবার এজাহার মিয়া চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে মামলা করার পর তা গ্রহণ করে এ বিষয়ে অনুসন্ধান করতে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারকে নির্দেশ দিয়েছেন।
যে তিন জনের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ করা হয়েছে, তারা হলেন চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার কুসুম দেওয়ান, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন-উত্তর) মীর নজরুল ইসলাম ও ট্রাফিক সার্জেন্ট মামুনুল হক।
দুর্নীতি দমন কমিশন আইনের ৫ (২) ধারায় এবং দণ্ডবিধির ৪৬৭,৪৬৮, ৪৭১, ১৬১ এবং ১৬৫ (ক) ধারায় মামলাটি করা হয়েছে।
মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত অভিযোগ অনুসন্ধান করে ২৮ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদারকে নির্দেশ দিয়েছে।
২০০৯ সালে নগরীর পাহাড়তলি থানাধীন বায় কোয়ার্টার এলাকা থেকে এজাহার মিয়ার অটোরিকশাটি চুরি হয়। প্রায় চার বছর পর ২০১৩ সালের এপ্রিলে নগরীর ওয়াসা মোড় থেকে একই নম্বর প্লেটের দুটি অটোরিকশা উদ্ধার করে পুলিশ।
মামলায় এজাহার দাবি করেন, উদ্ধার করা দুটি অটোরিকশার মধ্যে একটি তার। কিন্তু আনুষাঙ্গিক কাগজপত্র নিয়ে দেখা করার পরও ওই তিন পুলিশ কর্মকর্তা তাকে অটোরিকশা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় এবং দুই লাখ টাকা ঘুষ দাবি করেন।
এজাহার ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় অন্য একজনকে অটোরিকশাটি হস্তান্তর করেন ওই পুলিশ কর্মকর্তারা।
