কাসুন্দি ঘাটলে প্রথম অপরাধীকে খুঁজতে হবে: অ্যাটর্নি জেনারেল
উচ্চ আদালতে সংঘাতের ঘটনায় কাসুন্দি ঘাটলে প্রথম অপরাধীকে খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সম্প্রতি বিরোধী জোটের কর্মসূচির মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিরোধী দলসমর্থিত আইনজীবীদের সঙ্গে সংঘাতের ঘটনায় সরকার সমর্থকদের দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনজীবী সমিতির দেয়া আল্টিমেটামের পর একথা বলেন তিনি।
তিনি বলেন, “এর আগেও বলেছি, আজও বলছি, ওই দিনের ঘটনা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। এধরণের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্যই জ্যেষ্ঠ আইনজীবীরা প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছিলেন।
“আজ তারা যা বলছেন, এই কথা তারা সেদিন বলেন নাই। এটা প্রধান বিচারপতির সামনে বলার সাহস পাননি।
“বাইরের লোকজন নিয়ে আদালত চত্বরে মিছিল করবেন, পরে প্রধান বিচারপতিকে চাপ সৃষ্টি করবেন- এটা হতে পারে না। আদালতের বিধি অমান্য করার কারণেইতো এই অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। এখন যদি কাসুন্দি ঘাটতে হয়, তাহলে দেখতে হবে অন্যায়টা প্রথম কারা করেছেন? সেই অন্যায়কারীদের খুঁজে বের করতে হবে।
“তারা বিচারকক্ষের সামনে গিয়ে বিচারকদের নাম ধরে স্লোগান দিয়েছেন। আদালতে মানুষ বিচার পেতে জামিন নিতে আসে। এটা তাদের অধিকার। এই অধিকারে বাধা বা আদালতের কাজে বাধা দেয়া ফৌজদারি অপরাধ। এটাই তারা করছেন।”
এই অপরাধে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবস্থা গ্রহণের বিষয়টি সরকারের উপর নির্ভর করছে।
তিনি বলেন, “ওইদিনে প্রধান বিচারপতির সঙ্গে এই মর্মে মিটিং হয় যে, সুপ্রিম কোর্ট এলাকায় কোন মিছিল মিটং করা যাবে না। তবে মিছিল নিয়ে বাইরে যেতে হলে মাঝের গেট ব্যবহার করবেন। আমার মনে হয়, সেই নিয়ম মেনেই বিএনপিপন্থী আইনজীবীরা সমিতি ভবনে অনশন করছেন। তারা মূল গেটের সামনে অনশনে যাননি।
“সুপ্রিম কোর্টের বিধিতে বলা আছে, আদালত প্রাঙ্গণে কোনো মিছিল মিটিং করা যাবে না। এই যে আইনের বিধি নিষেধ মানতে আইনজীবীরা বাধ্য। সঙ্গত কারণেই সেদিন সবাই ঐক্যমতে পৌঁছেছিলেন, যে আদালতের সম্মুখভাগে কোনো মিছিল-মিটিং করবেন না।
“একজন আইনজীবী আদালতের বিধি ও রায়ের বিরু্দ্ধে যেতে পারেন না। বড় কথা হচ্ছে, দিনের পর দিন আদালতের কাজে তারা বাধা সৃষ্টি করছেন। এতে বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন এবং সাধারণ আইনজীবীরা তাতে ক্ষুব্ধ হচ্ছেন।
“রাজনৈতিক কর্মকাণ্ড যেমন বাইরে চলবে, তেমনি আদালতকেও তার কর্মকাণ্ড চালাতে দিতে হবে। এ কাজে বাধা সৃষ্টি করা মানে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়। এতে আইনজীবীদের রুটি রুজির ব্যবস্থায়ও বাধা সৃষ্টি হয়।”
