মোস্তফা জালালের নির্বাচনী মিছিলে বোমা বিস্ফোরণ
দশম জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর লালবাগে ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনের নির্বাচনী মিছিলে বোমা বিস্ফোরণে ছয়জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে লালবাগের ইসলামবাগ ইদগাহ মাঠে সভা শেষে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় হাতবোমা ছুড়ে দুর্বৃত্তরা।
বিস্ফোরণে আহত হয়েছেন লালবাগ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজুমদার ইমরান (২৪), মনির হোসেন (২২), ইয়াদ আলী (১২), ফজলুর রহমান (২৭),কামরুল (২২) ও হেলেনা বেগম (২২)।
ছাত্রলীগনেতা ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোস্তফা জালাল মহিউদ্দিনের পক্ষে ইসলামবাগ ইদগাহ মাঠে সভা শেষে মিছিল বের হওয়ার জন্য সবাই যখন সারিবদ্ধভাবে জড়ো হয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন দুটি বোমার বিস্ফোরণ ঘটে।
“এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই ছোটাছুটি শুরু করে। এই সময় বোমার স্প্রিন্টারের আঘাতে পাঁচজন এবং হুড়োহুড়ির সময় একজন আহত হন।”
লালবাগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আবিদা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পরপরই আহতদের হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।”
ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
১৮০ নম্বরের লালবাগ নির্বাচনী আসনে এই আওয়ামী লীগনেতার বিরুদ্ধে একই দলের সাবেক সাংসদ হাজী মো. সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
