আরো দুই মামলায় হাফিজকে রিমান্ডে চায় পুলিশ
বাংলামোটরে পুলিশ হত্যা মামলার রিমান্ড শেষে মতিঝিল থানার দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদকে হেফাজতে চেয়েছে পুলিশ।
বিএনপির এই নেতাকে বৃহস্পতিবার মহানগর হাকিম আদালতে হাজির করে হত্যা চেষ্টা ও গাড়ি পোড়ানোর দুই মামলায় ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়।
হাফিজউদ্দিনের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ জানান, মহানগর হাকিম হারুন-অর-রশিদ আগামী ৯ জানুয়ারি রিমান্ড শুনানির দিন রেখে তাকে কারাগারে পাঠিয়েছেন।
বিরোধী দলের ঢাকামুখী অভিযাত্রা পণ্ড হয়ে যাওয়ার পর গত রোববার লাগাতার অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করেন হাফিজ। এর পরপরই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাকে আটক করে পরদিন পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ওই মামলায় দুই দিন জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার হাফিজকে আবার আদালতে হাজির করা হয়।
