২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের দিন চট্টগ্রামে হরতাল

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘গৃহবন্দি’ করার প্রতিবাদে দশম সংসদ নির্বাচনের আগের দিন থেকে বৃহত্তর চট্টগ্রামে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 04:58 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

দেশব্যাপী চলমান অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে ৪ ও ৫ জানুয়ারি এ হরতালের ডাক দেয়া হল।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের চেয়ারপারসনকে অন্তরীণ করে রাখার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে এ হরতালের ডাক দেয়া হয়েছে।”

আগামী ৫ জানুয়ারি আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬টি আসনের ৯টিতে ভোটগ্রহণ হবে। বাকি সাতটি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন।

১১ শিবিরকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের ১১ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর বাকলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহিবুল ইসলাম (২৭), রুস্তম আলী (২৫), মোহাম্মদ হোসেন (২৩), আরিফুল হুদা (২২),  মোরশেদুল আলম (২৫), আবু মুছা আপেল (২৩), আব্দুল্লাহ রায়হান (২২), আজিজুল হক (২০), মামুনর রশিদ (২০) রেজাউল করিম (৩০) ও আবু তাহের জুয়েল (২৩)।

বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা বাকলিয়া এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় তালিকাভুক্ত আসামি।

তিনি জানান, গত ৯ ডিসেম্বর বাকলিয়া থানাধীন তুলাতলী এলাকায় শিবির কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় চার পুলিশ সদস্য আহত হয়।