‘দিন বদলায়ে গেছে’
রাজনৈতিক অস্থিরতা ও বিরোধী জোটের অবরোধের মধ্যেও বছরের শুরুতে কোটি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এভাবে বই পৌঁছে দেয়া পুরো বিশ্বেই ‘বিরল’ মন্তব্য করে তিনি বলেছেন, “আমাদের দিন বদলায়ে গেছে। আমরা আর ২০০৯-১০ সালে নেই।”
বৃহস্পতিবার সকালে রাজধানীর সরকারি ল্যাবরেটরি হাই স্কুল চত্বরে বই উৎসবে তিনি এ কথা বলেন।
এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের প্রক্রিয়া শুরু হলো। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উৎসবের উদ্বোধন করেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমার ঘনিষ্ঠজনরা আমাকে বলতো- ‘তুমি পাগল হয়ে গেছে, অনেক উন্নত দেশ বিনামূল্যে বই দিতে পারে না। তোমরা কীভাবে পারবে?’ আমি তাদের বলতে চাই, আমি সত্যিই পাগল হয়েছিলাম।পাগল হয়ে তাদের দেখিয়েছি।”
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, ২০১৪ শিক্ষাবর্ষে প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ও কারিগরি বিদ্যালয়ে চার কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীর মধ্যে ৩১ কোটি ৭৭ লাখ ২৫ হাজার ৫২৬টি বই বিতরণ করা হচ্ছে।
রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৬ কোটি শিক্ষার্থীর মধ্যে ১২১ কোটি ৩৮ লাখ ৭১ হাজার ১৭২টি বই পৌঁছে দেয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, “সদ্য গত হওয়া বছরের শেষ তিন মাস আমরা সঠিক সময়ে ক্লাস-পরীক্ষা নিতে পারিনি। ছেলে-মেয়েরা মানসিক চাপে ঠিকমতো লেখাপড়া করতে পারে নাই। তারপরও তারা তাদের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে পরবর্তী শ্রেণিতে উন্নীত হয়েছে।”
টানা অবরোধ, হরতাল আর রাজনৈতিক সহিংসতার মধ্যে বই বিতরণের কাজটি কঠিন ছিল স্বীকার করে নাহিদ বলেন, “আজ আমি সত্যিই খুব আনন্দিত, যথা সময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্য পুস্তক তুলে দিতে পেরে।”
বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে শুরু করেন মন্ত্রী। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিশুদের মাঝে তাকেও উচ্ছ্বসিত হয়ে উঠতে দেখা যায়।
এ সময় তাসফিয়া আক্তার ফাহিমা নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে কোলে তুলে নেন নাহিদ।
এই অনুষ্ঠানে ল্যাবরেটরি স্কুলের পাশাপাশি বিসিএসআইআর হাইস্কুল, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কামরুননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাফেজ আবদুর রাজ্জাক দাখিল মাদরাসার শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আকতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, এনসিটিবির চেয়ারম্যান শফিকুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।
