রাজশাহীতে হাতবোমা উদ্ধার
রাজশাহীর মহিষবাথান উত্তর পাড়ার একটি বাগান থেকে চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বিরোধী দলের অবরোধের মধ্যে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজপাড়া থানা পুলিশ বোমাগুলো উদ্ধার করে।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, রাজশাহী আদালতের এপিপি শওকত উদ্দিন রেন্টু তার বাড়ির পিছনে বাগানে একটি গাছের গোড়ায় হাতবোমাগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পরে পুলিশের বোমা বিশেষজ্ঞ দল গিয়ে শক্তিশালী চারটি হাতবোমা উদ্ধার করে।
নাশকতা চালানোর জন্য বোমাগুলো সেখানে রাখা হয়েছিল বলে ওসির ধারণা।
এর আগে গত রোববার রাতে শহরের বিনোদপুর এলাকা থেকে সাড়ে চার কেজি গান পাউডার ও ৬৫টি হাতবোমা এবং পরদিন রাতে স্টেশন এলাকা থেকে আটটি ককটেল উদ্ধার করে র্যাব ও পুলিশ।
