ভোমরা স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকে আগুন
বিরোধীদলের লাগাতার অবরোধের মধ্যে গভীর রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পিঁয়াজের ট্রাকে আগুন দেয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বন্দরের লস্কর ট্রাক পার্কিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কর্মকর্তা রামকৃষ্ণ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পেঁয়াজভর্তি ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য দাঁড় করিয়ে রাখা হয়েছিল।
এ সময় অবরোধকারীরা ওই ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ব্যবসায়ীরেই আগুন নিভিয়ে ফেলেন বলে রামকৃষ্ণ জানান।
আগুনে পেঁয়াজ নষ্ট না হলেও ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় যৌথ অভিযান চালায়। তবে সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আগামী ৫ জানুয়ারি নির্বাচন ঠেকাতে বুধবার থেকে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছে বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোট।
