চট্টগ্রামে তাণ্ডব: শিবির-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা
লাগাতার অবরোধের প্রথম দিনে বন্দরনগরীর কাজীর দেউড়ি এলাকায় জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় মামলা করেছে পুলিশ।
এতে ইসলামী ছাত্র শিবির ও নগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩২ জনকে আসামি করা হয়েছে বলে কোতোয়ালী থানার এসআই উৎপল বড়ুয়া জানান।
কোতোয়ালী থানার এএসআই শাহদুল ইসলাম সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করেন।
বিরোধী দলীয় জোটের ষষ্ঠ দফা অবরোধের প্রথম দিন বুধবার সন্ধ্যায় কাজীর দেউড়ি এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে তাণ্ডব চালায় জামায়াত ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির কর্মীরা।
এ সময় আসকার দিঘীর পাড় এলাকায় মিছিল থেকে সময় টিভির মাইক্রোবাস লক্ষ্য করে হাতবোমা ছোড়া হলে চালক আব্দুল হাকিম আহত হন।
একই সময়ে চট্টগ্রাম-৯ আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট আবু হানিফের নির্বাচনী প্ররারের ট্রাক, যুদ্ধাপরাধী ও জামায়াত নেতা মীর কাসেম আলীর মালিকানাধীন নয়াদিগন্ত পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান হেলাল হুমায়নের ব্যক্তিগত গাড়িসহ পাঁচটি গাড়িতে ভাংচুর চালানো হয়।
এসআই উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম নগর উত্তর কমিটির সভাপতি আ স ম মাশরুর হোসাইন, দক্ষিণের সভাপতি নূরুল হক, সাধারণ সম্পাদক এমএইচ সোহেল, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, ছাত্রদল নেতা আলী মর্তুজা, ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম নগর সভাপতি লুৎফর রহমান ও রিয়াজউদ্দিন বাজার শাখার সভাপতি মো. ইদ্রিসকে আসামি করা হয়েছে।
