রাষ্ট্রপতিকে ভোটের শেষ প্রস্তুতি জানাবে ইসি
দশম সংসদ নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি জানাতে বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে যাচ্ছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ এ তথ্য জানান।
রোববার দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ১৪৭ আসনে ভোট হচ্ছে। বাকি ১৫৩ আসনে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোটের দুই দিন আগে এবারের নির্বাচনের সার্বিক প্রস্তুতি রাষ্ট্রপতিকে জানানো হবে বলে জানান নির্বাচন কমিশনার শাহনেওয়াজ।
“মঙ্গলবার মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা সাক্ষাতের সময় চেয়েছিলাম। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় আমাদের সময় দেওয়া হয়েছে।”
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার, সচিব মোহাম্মদ সাদিক বঙ্গভবনে যাবেন।
শাহনেওয়াজ বলেন, “ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। এ নিয়ে সার্বিক প্রস্তুতি রাষ্ট্রপতিকে অবহিত করবো। অতীতেও সংসদ নির্বাচনের আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছে ইসি। এরই ধারাবাহিকতায় আমরা এবার যাচ্ছি।”
