২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লীকবির জন্মদিনে শ্রদ্ধা  

নানা আয়োজনে ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী পালিত হচ্ছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 04:27 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বুধবার সকালে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ির আঙিনায় ডালিম গাছের নিচে কবির সমাধিতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়।

কবির কবরে ফুল দেয় ফরিদপুর জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, জেলা শিল্পকলা একাডেমি আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে কবির বাড়ির প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, কবিপুত্র ড. জামাল আনোয়ার, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি আবুল ফয়েজ শাহনেওয়াজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আমিনুর রহমান ফরিদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ্

এছাড়া, শহরের কবি জসীমউদ্দিন হল সংলগ্ন উৎকর্ষ মিলনায়তনে ‘ভূতপূর্ব সোজনবাদিয়ার ঘাটের যাত্রীদল’-এর উদ্যোগে বর্ণ শিক্ষা ও বাল্যশিক্ষার সূচনা হিসেবে আদর্শলিপির হাতেখড়ি আনুষ্ঠানে পল্লীকবির লেখা কবিতা ও উপন্যাসের অংশ, পল্লীচিত্র, পল্লীকবির আলোকচিত্র প্রদর্শনী এবং তার লেখা গানসহ দেশের গান পরিবেশিত হয়।

এখানে বক্তব্য রাখেন সঙ্গীতসাধক করুনাময় অধিকারী, অধ্যাপক মুহাম্মদ আজিজুল হক খান, ড. বিপ্লব বালা, অধ্যাপক আলতাফ হোসেন, শিক্ষাবিদ রমেন্দ্রনাথ রায় কর্মকার, সিরাজুল আজম, অ্যাডভোকেট শিপ্রা রায় প্রমুখ।

১৯০৩ সারের ১ জানুয়ারি ফরিদপুর সদরের তাম্বুলখানা গ্রামে মামার বাড়িতে জসীমউদ্দীনের জন্ম। ১৯৭৬ সালের ১৪ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

কবর, নিমন্ত্রণসহ অসংখ্য কবিতার জন্য তিনি বাঙালির ঘরে ঘরে অমর হয়ে আছেন। তার বিখ্যাত কয়েকটি বই হলো নক্সিকাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, রাখালী ইত্যাদি।