কর্মবিরতিতে ট্রাইব্যুনাল-২ মুলতবি
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ডাকা কর্মবিরতিতে সমর্থন জানিয়ে প্রসিকিউশন ও আসামীপক্ষের সম্মতিতে মঙ্গলবার কার্যক্রম বন্ধ রাখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
তবে ১ নং ট্রাইব্যুনালে যথারীতি কার্যক্রম চলেছে।
মঙ্গলবার ট্রাইব্যুনাল-২ এ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফের মামলায় প্রসিকিউশনের ১৮তম সাক্ষীর জেরার জন্য দিন ধারর্য্য ছিলো। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার পক্ষে আসামিপক্ষের শুনানির জন্য দিন ধারর্য্য ছিলো।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ মঙ্গলবার সৈয়দ মো. কায়সারের আইনজীবী আব্দুস সোবহান তরফদার উপস্থিত হয়ে ট্রাইব্যুনালকে জানান, বার অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে কর্মবিরতির ঘোষণার প্রতি সম্মান জানিয়ে এদিন মামলার কার্যক্রমে অংশ নিতে চান না তারা।
এসময় ট্রাইব্যুনাল প্রসিকিউশনের কাছে জানতে চান তারা কী করতে চান। এসময় উপস্থিত প্রসিকিউটররা আলোচনা করে সম্মতি জানালে উভয় মামলার জন্য নতুন তারিখ ধারর্য্য করে কার্যক্রম মুলতবি ঘোষণা করে ট্রাইব্যুনাল।
প্রসিকিউটর রানা দাসগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বার অ্যাসোসিয়েশন সব সদস্য আইনজীবীদের স্বার্থ ও নিরাপত্তার বিষয়টি চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছে। তাই আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নিলাম যে, আমাদের এটা মেনে চলা উচিত।”
বার অ্যাসোসিয়েশনের বর্তমান পর্ষদ মূলতঃ বিরোধী দল সমর্থিত আইনজীবীদের নেতৃত্বাধীন। এ বিষয়ে জানতে চাইলে রানা দাসগুপ্ত বলেন, “বার অ্যাসোসিয়েশন তো আসলে সব আইনজীবীদেরই সংগঠন। এখন রাজনীতিকরণ হয়ে গেছে, কিন্তু সেটা অন্য বিষয়। অ্যাসোসিয়েশন তো অ্যাসোসিয়েশনই।”
গত রোববার বিরোধী দল সমর্থিত আইনজীবীদের ধাওয়া করে আওয়ামী লীগ কর্মীদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়ে। প্রাঙ্গণের ভেতরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
প্রতিবাদে সোমবার একদিনের কর্মবিরতির ঘোষণা দেয় বার অ্যাসোসিয়েশন। সে ঘোষণা অনুযায়ী মঙ্গলবার হাইকোর্টের অবকালীন বেঞ্চেও আইনজীবীরা উপস্থিত না হওয়ায় বিচারকাজ হয়নি। তবে আপিল বিকভাগের অবকালীন চেম্বার বিচারপতি তার এজলাসে বসেন এবং বিচারকাজ চালান।
এদিকে মঙ্গলবার জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সুবহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১। এদিন বিচারপতি ফজলে কবীরের অবসরে যাওয়ার আগে শেষ কর্মদিবস হওয়ায় ট্রাইব্যুনালে তার বিদায় সংবর্ধনাও অনুষ্ঠিত হয়।
ট্রাইব্যুনাল-২ এ একেএম ইউসুফের মামলায় পরবর্তী দিন ধার্য করা হয় আগামী ২ জানুয়ারি। সৈয়দ মো. কায়সারের মামলায় পরবর্তী দিন ধার্য করা হয় ৯ জানুয়ারি।
সুপ্রিম কোর্টে সমাবেশ না করতে একমত আইনজীবীরা
