২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে নীল দলের আধিপত্য

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগসমর্থিত নীল দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 07:22 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়টিতে বিজয়ী হয়েছেন নীল দলের প্রার্থীরা। বাকিগুলোতে জয়ী হয়েছেন জামায়াত-বিএনপি সমর্থক সাদা দলের সমর্থকরা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে সমিতির নির্বাচনে ভোট হয়। এক হাজার ৭৭৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৩৮৮ জন।

বিকেল সাড়ে ৫টায় ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালক অধ্যাপক এ কে ফজলুল হক শাহ্।

নীল দল থেকে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ সভাপতি এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এএসএম মাকসুদ কামাল সাধারণ সম্পাদক নির্বাচিত হেয়েছেন।

এছাড়া নীল দল থেকে যুগ্ম-সম্পাদক পদে ক্রিমিনলজি বিভাগের অধ্যাপক জিয়াউর রহমান এবং কোষাধ্যক্ষ পদে ব্যাংকিং বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে নীল দলের বিজয়ী শিক্ষকরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আখতারুজ্জামান, রসায়ন বিভাগের আফতাব আলী শেখ, অর্থনীতি বিভাগের আবুল বারকাত, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এ কে এম গোলাম রব্বানী ও অনুজীব বিজ্ঞান বিভাগের সাবিতা রিজওয়ানা রহমান।

বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল থেকে সহসভাপতি পদে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের আখতার হোসেন খান নির্বাচিত হয়েছেন।

এই দল থেকে সদস্য হয়েছেন পরিসংখ্যান বিভাগের লুৎফর রহমান, ইংরেজি বিভাগের সদরুল আমিন, ক্লিনিক্যাল ফার্মেসি বিভাগের আবুল হাসনাত, পদার্থ বিজ্ঞান বিভাগের এবিএম ওবায়দুল ইসলাম এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের লায়লা নূর ইসলাম।