সুপ্রিম কোর্টে আইনজীবীদের পাল্টাপাল্টি বিক্ষোভ
সুপ্রিম কোর্টে ‘বহিরাগতদের’ প্রবেশ নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে সরকার ও বিরোধী দল সমর্থক আইনজীবীরা।
সরকার সমর্থকদের দুটি দল মঙ্গলবার আলাদাভাবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং সংবাদ সম্মেলন করেছে।
অন্যদিকে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করেছেন। সংবাদ সম্মেলন করা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে, যার নেতৃত্বে রয়েছেন বিএনপিপন্থীরা।
সরকার সমর্থক আওয়ামী আইনজীবী পরিষদ ‘বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে’ সকালে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে আইনজীবী সমিতি ভবনের সামনে সমাবেশ হয়।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সমবেশে বলেন, বহিরাগতদের নিয়ে এসে পবিত্র অঙ্গন সুপ্রিম কোর্টের মর্যাদাহানী করা হয়েছে। ভবিষ্যতে বহিরাগতদের নিয়ে এসে নৈরাজ্য সৃষ্টি করা হলে প্রতিহত করা হবে।
আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের সঞ্চালনায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী, সাংসদ সানজিদা খানম, ফজিলাতুন্নেছা বাপ্পী ও আমিনুর রহমান চৌধুরী টিকু সমাবেশে বক্তব্য দেন।
পরে সুপ্রিম কোর্টের উত্তর হলে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সংবাদ সম্মেলনে বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে দলীয় কাজে ব্যবহার না করার আহ্বান জানান সংগঠনের সভাপতি আব্দুল বাসেত মজুমদার।
তিনি বলেন, “সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের কল্যাণ ও বিচার বিভাগের সুমহান মর্যাদা ও স্বাধীনতার প্রতিষ্ঠায় কাজ করার কথা। কিন্তু সম্প্রতিক কালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বার কাউন্সিলের কর্মকর্তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন না করে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন। এটা না করে বিধি অনুসারে কাজ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
অন্যদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বশির আহমেদ, শ ম রেজাউল করিম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
রবি ও সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের ওপর ‘সরকারসমর্থকদের হামলার’ প্রতিবাদে বেলা ১২টার দিকে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা মিছিল বের করেন।
মিছিল শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে সমাবেশ হয়। বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, সাইফুর রহমান, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গোলাম মো. চৌধুরী আলাল এ সময় উপস্থিত থাকলেও বিএনপির শীর্ষ আইনজীবীদের এ কর্মসূচিতে দেখা যায়নি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দুপুরে দক্ষিণ হলে জরুরি সাধারণ সভা করে। সেখানে অনশনের কর্মসূচি ঘোষণা করা হয়।
