২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরীন মালিকসহ পলাতকদের গ্রেপ্তারের নির্দেশ

সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের মামলায় ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ পলাতক ছয় আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 11:26 AM

Updated : 23 Aug 2022, 07:34 PM

এ মামলায় পুলিশের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াসিম শেখ মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আদেশ দেন।

পলাতক আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হলো কি না- আগামী ২৫ ফেব্রুয়ারি সে বিষয়ে প্রতিবেদন দিতে বলেছে আদালত।

গত বছর ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে ওই অগ্নিকাণ্ডে অন্তত ১১২ জন নিহত এবং দুই শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন।

পরদিন আশুলিয়া থানার উপ পরিদর্শক খায়রুল ইসলাম অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। চলতি বছরের ২ জানুয়ারি সিআইডি এ মামলার তদন্ত শুরু করে।

ঘটনার ১৩ মাস পর গত ২২ ডিসেম্বর দেলোয়ারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ, যাতে দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪ (ক) ধারা অনুযায়ী ‘অপরাধজনক নরহত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যুর’ অভিযোগ আনা হয়।

ঘটনার পর শ্রমিকরা অভিযোগ করেন, আগুন লাগার পরও কারখানার ছয়টি ফ্লোরের কয়েকটিতে দরজা আটকে রাখা হয়েছিল, শ্রমিকদের নিচে নামতে দেয়া হয়নি। এছাড়া ওই কারখানা নির্মাণের ক্ষেত্রে ইমারাত বিধি অনুসরণ না করা এবং অবহেলারও প্রমাণ পাওয়া যায়।

তবে মামলার মূল আসামি দেলোয়ার এক বছরেও গ্রেপ্তার না হওয়ায় ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারগুলো অভিযোগ করে, কৌশলে তাকে রক্ষার চেষ্টা করা হয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

অভিযোগপত্রের ১৩ আসামির মধ্যে তাজরীনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, তার স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদা আক্তার, প্রকৌশলী এম মাহাবুবু মোর্শেদ, ফ্যাক্টরি ম্যানেজার আব্দুর রাজ্জাক, কোয়ালিটি ম্যানেজার শহীদুজ্জামান দুলাল ও প্রোডাকশন মানেজার মোবারক হোসেন মঞ্জু পলাতক।

তাদের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বলেছে আদালত। 

আসামিদের মধ্যে তাজরিনের প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর ম্যানেজার হামিদুল ইসলাম লাভলু, সিকিউরিটি সুপারভাইজার আল আমীন, নিরাপত্তারক্ষী রানা ওরফে আনারুল, স্টোর ইনচার্জ (সুতা) আল আমীন ও লোডার শামীম মিয়া জামিনে রয়েছেন।

আর কারখানার সিকিউরিটি ইনচার্জ আনিসুর রহমান রয়েছেন কারাগারে।

রাষ্ট্রপক্ষে মোট ১০৪ জনকে সাক্ষী করা হয়েছে এ মামলায়।

পুরনো খবর:

তাজরীন মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র