২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটুআই প্রোগ্রামে নতুন লোগো উন্মোচন

একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের নতুন লোগো উন্মোচন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 12:19 AM

Updated : 23 Aug 2022, 07:34 PM

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে লোগো উন্মোচন করেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।

অনুষ্ঠানে নতুন লোগোর ডিজাইনার জহির উদ্দীন জুমন এক লাখ টাকা পুরস্কার দেয়া হয়।

নতুন ব্র্যান্ডিং এর লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাস্তবায়নাধীন ইউএনডিপি ও ইউএসএইড এর কারিগরি সহযোগিতায় পরিচালিত এটুআই প্রোগ্রাম গত সেপ্টেম্বর মাসে লোগো প্রতিযোগিতার আয়োজন করে।

আগ্রহী লোগো ডিজাইনারদের এটুআই এর ফেসবুক পেইজের মাধ্যমে লোগো জমা দিতে বলা হয়। তিন সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৭১৪টি লোগো জমা পড়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মাকসুদুর রহমান, ইউনিট্রেন্ড এর নির্বাহী পরিচালক তারিক হাসান এবং একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম এর জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল শ্রেষ্ঠ লোগো নির্বাচন করে।

জাতীয় পতাকার লাল-সবুজ রং আর জাতীয় পাখি দোয়েলের প্রতিরূপের সংমিশ্রণে নির্মিত হয়েছে লোগোটি। জনগণের দোরগোড়ায় সেবা এই শ্লোগানকে সামনে রেখে সহজ সেবাপ্রাপ্তি আর নাগরিক সেবা প্রদানে নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করার বিষয়টিই নতুন লোগোর মূলমন্ত্র।

লোগো উন্মোচন অনুষ্ঠানে এটুআই এর প্রকল্প পরিচালক ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্দ্বতন কর্মকর্তাবৃন্দ, এটুআই এর কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।