শিবগঞ্জে দোকানে অগ্নিসংযোগ, পুড়ে মরলেন ব্যবসায়ী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দোকানে আগুন দিয়ে এক ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
নিহত এনামুল হক (৬৫) শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগের সমর্থক। তার বাড়ি উপজেলার চতুরপুর গ্রামে।
যৌথ অভিযানে নিজেদের কর্মী গ্রেপ্তার হওয়ার প্রতিবাদে বিএনপিকর্মীরা ওই দোকানে আগুন দিয়েছে বলে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান দাবি করেছেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় যুবদলকর্মী সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এর জের ধরে একদল বিএনপিকর্মী শিবগঞ্জ বাজারে এনামুলের হার্ডওয়্যারের দোকানে অগ্নিসংযোগ করে।
ঘটনার পরপরই শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি তারা। নবাবগঞ্জ সদর থেকে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট এসে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপরপরই দোকানের ভেতর থেকে এনামুলের লাশ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরদেশ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হার্ডওয়্যারের দোকানে রঙ ও দাহ্য কেমিকেল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।”
