ভোটের দিন ছুটি নেই ৫ জেলায়
ভোটের দিন ছুটি পাচ্ছেন না দেশের পাঁচ জেলার মানুষ।
জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলার সবগুলো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জিতে যাওয়ায় সেগুলোতে নির্বাচন হবে না।
এর বাইরে ৫৯ জেলার মানুষ আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ছুটি পাবেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর ছাড়া ৫৯ জেলায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আগামী ৫ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ওই পাঁচটি জেলার সবগুলো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জিতে যাওয়ায় সেগুলোতে নির্বাচন হবে না।
গত ২৫ নভেম্বর দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
ঘোষিত তফসিল অনুযায়ী ২ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেয়া হয়। ৫, ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের পর প্রত্যাহারের শেষ দিন ছিল ১৩ ডিসেম্বর।
তফসিল ঘোষণার দিনই তা প্রত্যাখ্যান করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
তাদের বর্জনের কারণে সংসদের ৩০০ আসনের মধ্যে প্রথমে ১৫৪ আসনের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
তবে সোমবার আদালতের নির্দেশে কুমিল্লা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এ এস এম কামরুল ইসলাম প্রার্থিতা ফিরে পাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সংখ্যা কমে হবে ১৫৩। এখন ভোট হবে ১৪৭ আসনে।
