চাঁদপুরে পুলিশের সঙ্গে ১৮ দলের সংঘর্ষ
বিরোধী জোটের কর্মসূচিকে ঘিরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুলিশ ও বিজিবির সঙ্গে ১৮ দলের নেতা-কর্মীদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে।
সোমবার সন্ধ্যায় টোরাগড় এলাকায় এ ঘটনায় ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছে দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি মোমিনুল হক।
আহতরা স্থানীয়ভাবে বিভিন্নস্থানে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
হাজীগঞ্জ থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার টোরাগড় এলাকায় ১৮ দলের নেতা-কর্মীরা পিকেটিং করলে পুলিশ বাধা দেয়।
এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।
এ সময় পুলিশ পরিস্থিতি শান্ত করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে বলে জানান ওসি আলম।
তিনি বলেন, খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এলে পুলিশ পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়।
তবে এ ঘটনায় কাউতে আটক করা হয়নি বলে নিশ্চিত করেন ওসি।
