রংপুরে বিএনপি-জাপা সংঘর্ষে আহত ১৫
রংপুরের পীরগাছা উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টির সমর্থকদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
সোমবার বেলা ২টায় কদমতলা মোড়ে এ সংঘর্ষে আহত উপজেলা যুবসংহতির সহ-সভাপতি রবিউল ইসলাম ও উপজেলা যুবদলের সদস্য আমিনুল ইসলামকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের ঢাকা সমাবেশে যেতে বাধা দেয়ার অভিযোগে কদমতলা মোড়ে বিএনপির অবস্থান চলাকালে উপজেলা জাপা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ মাহবুবুর রহমানকে আটকে লাঞ্ছিত করাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাধে বলে পুলিশ জানিয়েছে।
শাহ্ মাহবুবুর রহমান অভিযোগ করেন, তাদের অবস্থান চলার সময় ওই স্থান দিয়ে মোটরসাইকেলে রংপুর শহরে যাচ্ছিলেন। এ সময় তাকে আটকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং মোটরসাইকেলে আগুন দেয়ার চেষ্টা করে।
“খবর পেয়ে দলের নেতাকর্মীরা ছুটে এলে অবস্থানকারীরা তাদের উপরও হামলা চালালে সংঘর্ষ বাধে,” বলেন তিনি।
এতে তার দলের আটজন আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের সভাপতি শরিফুল ইসলাম ডালেস বলেন, তাদের অবস্থান চলাকালে উপজেলা জাপা সভাপতি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। নেতাকর্মীরা তাকে থামিয়ে অবরোধস্থল হেঁটে পার হওয়ার অনুরোধ করলে তিনি ক্ষুব্ধ হয়ে ফোনে দলের নেতাকর্মীদের ডাকেন।
পরে আরো লোকজন এসে হামলা চালায়।
এতে তাদের ১০ নেতাকর্মী আহত হয় বলে তিনি দাবি করেন।
পীরগাছা থানার ওসি মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবস্থানকারীদের সরিয়ে দেয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
