২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ট্রাকের ধাক্কায় সেনাসদস্য নিহত

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় টহলগাড়ি থেকে ছিটকে পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 02:48 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

পীরগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার জগন্নাথপুরে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোফায়েল আহমেদ (১৯) দিনাজপুরের খোলাহাটি সেনানিবাসে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরমসলন্দ গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

ওসি জানান, রংপুর থেকে ঢাকাগামী আলুভর্তি একটি ট্রাক সেনাবাহিনীর একটি টহলযানকে ধাক্কা দিলে তোফায়েল ছিটকে পড়েন এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওই টহল দলের নেতা খোলাহাটি সেনানিবাসের সেভেন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার আক্তার হোসেন এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে ওসি জানান।