সুপ্রিম কোর্টে ফের ঢিল ছোড়াছুড়ি
আগের দিন সংঘর্ষের পর সোমবারও দেশের সর্বোচ্চ আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে যুব মহিলা লীগের কর্মীদের ঢিল ছোড়াছুড়ি হয়েছে।
আদালত প্রাঙ্গণ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সুলাইমান নিলয় জানান, বিএনপিপন্থী আইনজীবীরা সোমবার বেলা পৌনে ১২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হয়ে মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করে।
তারা যখন মূল ফটকের কাছে পৌঁছান, তখনই যুব মহিলা লীগ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের (সদরঘাট ইউনিট) দুটি মিছিল ফটকের বাইরে দিয়ে মূল সড়ক অতিক্রম করে।
এক পর্যায়ে সীমানা প্রাচীরের দুই দিক থেকে দুই পক্ষের মধ্যে হৈ চৈ শুরু হয়। এরপর তা ইট ছোড়াছুড়ির রূপ নেয়।
এর কিছুক্ষণ পর সরকার সমর্থকদের আরো একটি মিছিল লাঠিসোটা নিয়ে সুপ্রিম কোর্টের ফটকের সামনে জড়ো হয়ে শ্লোগান দিতে থাকে।
ঢিল ছোড়াছুড়ির এক পর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীরা পিছু হটে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এদিকে সংঘর্ষ শেষে হওয়ার কিছুক্ষণ পর বেলা সাড়ে ১২টার দিকে বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি বাসেত মজুমদারের নেতৃত্বে সরকার সমর্থক শতাধিক আইনজীবী কোর্ট চত্বরে মিছিল ও সমাবেশ করে।
এ সময় বাসেত মজুমদার বলেন, “গতকাল আইনজীবীদের পোশাক পরে বিএনপি-জামায়াতের ক্যাডাররা সুপ্রিম কোর্টে তাণ্ডব চালিয়েছে। কোর্টের মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। সে কারণে আওয়ামীপন্থী ও সাধারণ আইনজীবীরা মাঠে নেমে এসেছি।”
ভবিষ্যতে সুপ্রিমকোর্টের কেউ ‘মর্যাদাহানীকর’ কিছু করতে চাইলে প্রতিহত করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
আগেরদিন রোববার সুপ্রিম কোর্ট এলাকা থেকে জাতীয়তাবাদী আইনজীবীদের একটি মিছিল বিরোধী জোটের পূর্বঘোষিত ‘ঢাকা অভিযাত্রায়’ যোগ দেয়ার চেষ্টা করলে পু্লিশ জলকামান ব্যবহার করে কোর্টের মূল ফটকেই তাদের আটকে দেয়। এ সময় প্রায় আড়াই ঘণ্টা সময় ধরে আইনজীবীরা কোর্টের ফটক খুলে রাস্তায় নামার চেষ্টা করেন। জবাবে পুলিশও দফায় দফায় জল কামান থেকে রঙিন পানি ছোড়ে।
দুপুরের দিকে সরকার সমর্থকরা লাঠি নিয়ে মিছিল করে আদালতের ফটক দিয়ে ঢুকে পড়ে এবং বিএনপিপন্থী আইনজীবীদের ধাওয়া করে। এ সময় আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি ও সংঘর্ষ হয়।
আগের দিনের ওই ঘটনার কারণে সোমবার সুপ্রিম কোর্ট এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আরো জোরদার করা হয়। তবে এর মধ্যে ও দুপুরে দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি চলে।
