২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হাতবোমা, গান পাউডার উদ্ধার

রাজশাহীতে নির্মাণাধীন একটি বাড়ি থেকে সাড়ে চার কেজি গান পাউডার ও ৬৫টি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 11:58 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ৩টার দিকে বিনোদপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে গান পাউডার ও হাত বোমাগুলো উদ্ধার করা হয়।

নাশকতা চালানোর জন্য জামায়াত-শিবিরের কর্মীরা সেখানে বসে এগুলো তৈরি করে বলে এই পুলিশ কর্মকর্তার ধারণা।

তিনি জানান, রোববার রাতের যৌথ অভিযানে নগরীর ডাশমারি এলাকা থেকে সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা শাজাহান আলীকে আটক করা হয়।

শাজাহান রাজশাহীতে বোমা মেরে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানান ওসি।

গত ২৬ ডিসেম্বর দুপুরের দিকে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের বিক্ষোভ মিছিল থেকে রাজশাহীর রাজাহাতা লোকনাথ স্কুল মোড়ে পুলিশের ট্রাকে ছোড়া হাতবোমায় গুরুতর আহত হন কনস্টেবল সিদ্ধার্থ। এ সময় আরো আট পুলিশ আহত হন।

সিদ্ধার্থকে ঢাকায় আনা হলে ওই রাতেই তার মৃত্যু হয়।