চট্টগ্রামে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও অটো রিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মহিলা ও শিশুসহ আহত হয়েছেন আরো তিনজন।
নিহতরা হলেন সবুর (৪০) ও মো. হাসান (৩৮)। তারা রাউজানের গহিরা এবং ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
রোববার বিকালে হাটহাজারী উপজেলার এগারো মাইলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
হাটহাজারী থানার এসআই আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাউজান থেকে শহরমুখী একটি বাসের সঙ্গে হাটহাজারীমুখী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সবুর ও হাসানের মৃত্যু হয়।
আহত অটোরিকশা চালকসহ তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
