২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচারণাকালে সাংসদপুত্রের গাড়িতে পেট্রোল বোমা হামলা

যশোরের মনিরামপুরে নির্বাচনী গণসংযোগের সময় আওয়ামী লীগের সংসদ সদস্যের ছেলের একটি ভাড়া গাড়ি পেট্রোল বোমা মেরে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 06:21 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার হরিদাশকাটি ইউনিয়নের হাজরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নির্বাচনী প্রতিপক্ষ ও জামায়াত-শিবির এ হামলা করেছে বলে সাংসদ খান টিপু সুলতান দাবি করলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

উপজেলা যুবলীগের সভাপতি দেবাশীষ সরকার বাবু জানান, নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে দুপুরে হাজরাইল গ্রামে যান যশোর-৫ আসনের (মণিরামপুর) আওয়ামী লীগ প্রার্থী ও সাংসদ খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতান সাদাব। এ সময় তার সঙ্গে বেশকিছু নেতাকর্মীও ছিলেন।

খান টিপু সুলতান বলেন, সাদাবসহ কর্মী সমর্থকরা গাড়ি রেখে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ফাটাতে ফাটাতে এসে বহরে হামলা চালায়। তারা পেট্রোল বোমা মেরে সাদাবের গাড়ি পুড়িয়ে দেয়। কয়েকটি মোটরসাইকেলও ভাংচুর করে তারা।

নির্বাচনী প্রতিপক্ষ ও জামায়াত-শিবির সমর্থকরা সাদাবকে হত্যার উদ্দেশ্যে যৌথভাবে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন টিপু সুলতান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদাব ও তার সফরসঙ্গীদের নিরাপদে মনিরামপুরে নিয়ে আসে।

মনিরামপুর থানার ওসি মীর রেজাউল ইসলাম জানান, দুর্বৃত্তরা হামলার পর সাদাবের ভাড়া করা গাড়ি পুড়িয়ে দিয়েছে। এছাড়া একটি মোটর সাইকেল ভাংচুর করেছে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।