চুয়াডাঙ্গায় ১০ কেজি রূপাসহ গ্রেপ্তার ২
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে ১০ কেজি রূপাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার বেলা ২টার দিকে পুড়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের আব্দুল গনির ছেলে শাহিন আলী (২২) ও রঘুনন্দপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে উজ্জ্বল হোসেন (২১)।
চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, এ দুই যুবক মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গার দিকে আসছিলেন। গোপন খবর পেয়ে পুড়াপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশ ১০ কেজি রুপা ও একটি মোটরসাইকেলসহ তাদের আটক করে।
তারা এ রুপা কোত্থেকে আনছিলেন কিংবা কোথায় নিয়ে যাচ্ছিলেন তা জানা যায়নি।
আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
