গোবিন্দগঞ্জে দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রোববার দুটি সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৬ জন।
নিহতরা হলেন ল্যান্স কর্পোরাল সুলতান মাহমুদ (৩৬) এবং সিরাজ মিয়া (৭০)।
গোবিন্দগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম জানান, জাতিসংঘের মিশনে যাওয়ার কথা ছিল সেনাসদস্য সুলতানের। একারণে কর্মস্থল যশোর ক্যান্টনমেন্ট থেকে ছুটিতে বাড়ি এসেছিলেন। গোবিন্দগঞ্জে এক আত্মীয়ের বাড়ি থেকে এক বন্ধুসহ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
বেলা সোয়া ১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের হাইস্কুল মার্কেট এলাকায় তাদের মোটরসাইকেলকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে সুলতানের মৃত্যু হয়।
এ সময় তার সঙ্গে থাকা অপর আরোহী আহত হন।
পুরিশ ট্রাক ও তার চালককে আটক করেছে।
ওসি আরো জানান, উপজেলার কোচাশহরে বিয়ের নিমন্ত্রণ খেয়ে বাসে কাচারীপাড়া গ্রামে ফেরার সময় কালিতলা-নাগেরভিটা সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে বৃদ্ধ সিরাজ মিয়া নিহত হন। আহত হন অন্তত ১৫ জন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি ময়নুল ইসলাম।
নিহত সুলতান মাহমুদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর (মুন্নাপাড়া) গ্রামের সামছুল আলমের ছেলে এবং সিরাজ মিয়া গোবিন্দগঞ্জের গুমানিগঞ্জ ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের ফয়েজ মিয়ার ছেলে।
