মাওয়ায় পারপার শুরু
ঘন কুয়াশার কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে মুন্সীগঞ্জের মাওয়া ও মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে ফেরি পারাপার।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানান, রোববার সকাল সাড়ে ৯টা থেকে মাওয়া-কাওড়াকান্দিতে আবার ফেরি পারাপার শুরু হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুয়াশা কেটে যাওয়ার পর মাঝ নদীতে নোঙর করে রাখা ফেরিগুলো পাড়ে ফিরেছে। এছাড়া ঘাট থেকেও যান নিয়ে অন্য ফেরিগুলো ওপাড়ের দিকে রওনা হয়েছে।
ঘন কুয়াশায় বয়া-বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে শনিবার রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার পাশাপাশি মাঝ পদ্মায় ১০টি ফেরি নোঙর করে রাখা হয়।
দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় ঘাটের দুই পাড়ে পণ্যবাহী চারশ’ ট্রাকসহ বহু যান আটকে ছিল। কয়েকদিন ধরে ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
