চাঁদপুরে সময়ের আগেই ছাড়ছে লঞ্চ, বিড়ম্বনায় যাত্রীরা
বিরোধী জোটের অবরোধের আগে বিভিন্ন স্থানের ঢাকামুখী যাত্রীদের মতো চাঁদপুরের ভোগান্তির চিত্র একই হলে কারণ ভিন্ন।
বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী বাস-লঞ্চ শুক্রবার রাত থেকে বন্ধ হয়ে গেলেও চাঁদপুরের লঞ্চগুলো ছাড়ছে নির্ধারিত সময়ের আগে। ফলে অনেক যাত্রীই লঞ্চে উঠতে পারেননি।
এর পাশাপাশি ঘাট কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক লঞ্চকেই ঘাটে ভিড়তেও দেয়নি।
চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি ময়ূর রাত সোয়া ১২টা ছাড়ার কথা থাকলেও তা নির্ধারিত যাত্রী না নিয়েই রাত ১১টায় ঘাট ছেড়ে চলে যায়।
শনিবার সকাল সকাল সোয়া ৮টায় একই রুটে চলাচলকারী এমভি ঈগল ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা রাত সাড়ে ১২টায় কিছু সংখ্যক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
ঈগলের সুপারভাইজার আলী আজগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশকতার আশঙ্কায় যাত্রীদের সিরাপত্তার কথা চিন্তা করেই লঞ্চগুলো নির্দিষ্ট সময়ের আগে চাঁদপুর ঘাট ছেড়ে যায়।”
চাঁদপুরের সহকারী পুলিশ সুপার সৈকত শাহীননের নেতৃত্বে ঘাটে পুলিশ মোতায়েন রয়েছে। লঞ্চগুলোতে তল্লাশিও চালানো হয়।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, “যাত্রীবেশে কেউ যাতে লঞ্চে নাশকতা করতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায়।”
