২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাদের মোল্লার মৃত্যুর প্রতিশোধ নিতেই বিএনপির কর্মসূচি’

যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লার মৃত্যুর প্রতিশোধ নিতেই ‘জামায়াতেরসঙ্গে হাত মিলিয়ে বিএনপি ঢাকা অভিমুখে কর্মসূচি দিয়েছে’ উল্লেখ করে তা প্রতিহতের আহ্বান জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 09:11 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপে’র প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে শুক্রবার শাহবাগে গণজাগরণ মঞ্চ আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানান নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির।

তিনি বলেন, “সংবিধানকে ধ্বংস করতে এবং কাদের মোল্লার মৃত্যুর প্রতিশোধ নিতেই জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে এই কর্মসূচি দেওয়া হয়েছে। কিন্তু আমরা এই কর্মসূচি হতে দেবো না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তা প্রতিহত করতে হবে।”

পাঁচ দফা টানা অবরোধের পর খালেদা জিয়া গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঢাকা অভিমুখী অভিযাত্রার কর্মসূচি ঘোষণা করেন। ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ আখ্যায়িত করে তা প্রতিহতের জন্য সবাইকে রোববার ঢাকায় সমবেত হতে বলেন তিনি।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে শাহরিয়ার কবির বলেন, প্রয়োজনের আন্তার্জাতিক আদালতে পাকিস্তানের বিচার চাওয়া হবে।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বন্ধ রাখতে হবে।

এই আন্দোলনের অংশ হিসেবে শনিবার থেকে তা সব জেলা-উপজেলা ও বিভাগীয় শহরে প্রচারণা চালানো হবে বলে জানান তিনি।

সমাবেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, শ্রমিক নেত্রী উম্মে হাসান ঝলমল, নাজমা আক্তার, মুক্তিযোদ্ধা সাইদুল করিম, নারী নেত্রী শিপ্রা বোস, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

একই দাবিতে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চও মিছিল সমাবেশ করেছে।

বিকালে চেরাগী পাহাড় মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব ডা. চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, উদীচী চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ধর প্রমুখ।