২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় ফেরি চলাচলে বিঘ্ন, দুই নৌপথে ব্যাপক যানজট

ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যাওয়ার দুটি ফেরি সার্ভিসই কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকায় পদ্মা নদীর মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের উভয় পাশে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 05:52 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত মাওয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস সস্পূর্ণ বন্ধ ছিল। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে।

মাওয়ার বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘন কুয়াশার কারণে সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকা মাওয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস সকাল ১০টার পরে চালু হয়েছে। দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকায় পদ্মার উভয়পাড় মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে প্রায় ছয়শ যানবাহনের জট লেগেছে।

তিনি বলেন, কুয়াশার কারণে সহশ্রাধিক যাত্রী নিয়ে নিয়ে মাঝ পদ্মায় আটকে যায় ছয়টি ফেরি। দুর্ঘটনা এড়াতে ফেরি শাহ মখদুম, কনকচাপা, টাকলু, রাণীক্ষেত ও রাণীগঞ্জ নদীতেই নোঙ্গর করতে বাধ্য হয়। এতে কনকনে শীতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

এছাড়া লৌহজংয়েং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভার কারণে বেলা সোয়া ২টা থেকে পৌনে ৪টা পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ থাকায় যানজট আরো বেড়ে যায় বলে জানান তিনি।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিসের পাঁচটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে।

কুয়াশার তীব্রতা কমে গেলে সকাল সাড়ে ৯টার দিকে আবার ফেরি চলাচল শুরু হয় বলে জানান (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাটের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।

মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টা নাগাদ উভয় পাড় থেকে প্রায় পাঁচশ যানবাহন পারাপার করা হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকে কুয়াশা বাড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে সকাল ৬টার দিকে ফেরি পারাপার বন্ধ করা হয়। এতে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীত পাঁচটি ফেরি আটকা পড়ে। এছাড়া পাটুরিয়ায় পাঁচটি ও দৌলতদিয়া প্রান্তে দুটি ফেরিকে নোঙ্গর করে থাকতে হয়।

“পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে সাত শতাধিক পণ্যবাহী ট্রাক ও তিন শতাধিক যাত্রীবাহী বাস ও বিভিন্ন ছোট গাড়ি আটকা পড়ে। প্রচণ্ড শীতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।”

এদিকে ঘন কুয়াশার কারণে চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে আটকা পড়েছে বেশ কয়েকটি যাত্রীবাহী লঞ্চ।

বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর কর্মকর্তা মোবারক হোসেন বলেন, বৃহস্পতিবার গভীর রাতে চাঁদপুর থেকে ৫ শতাধিক যাত্রী নিয়ে ঢাকার দিকে ছেড়ে যাওয়া এমভি ময়ুর-২ নামের একটি লঞ্চ মুন্সীগঞ্জের একটি চরে আটকা পড়ে। পরে সকাল ১০টায় লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

তিনি বলেন, কুয়াশার কারণে প্রতিদিনই মেঘনা নদীর বিভিন্ন স্থানে লঞ্চ আটকা পড়ছে। অধিকাংশ লঞ্চই এখন নির্দিষ্ট সময়ের অনেক পর ঘাটে এসে ভিড়ছে।