এমন নির্বাচন নজিরবিহীন: অধ্যাপক এমাজউদ্দিন
১৫৪ জন প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বিরোধী দলবিহীন ৫ জানুয়ারির নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ।
এই নির্বাচনকে নজিরবিহীন আখ্যায়িত করে রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক বলেন, “সংবিধানের ১৬৫ অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, জনপ্রতিনিধি নির্বাচিত হবেন জনগণের ভোট দ্বারা।
“অথচ ১৫৪ জনের মধ্যে অনেকেই আছেন, যাদের নিজের ভোটটা ছাড়া আর কারো ভোট পাওয়ারই কথা না। অনির্বাচিতভাবেই তারা সংসদ সদস্য হয়ে গেছেন। তাই কিছুতেই এ নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না।”
বিএনপি আমলের এই উপাচার্য বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক মতবিনিময় সভায় একথা বলেন।
অধ্যাপক এমাজউদ্দিন বলেন, “স্বাধীনতার পর দেশ বর্তমানের মতো এত কঠিন সময় আর কখখনো পার করেনি। আশা পাওয়ার মতো ভালো কোনো নিশানাও দেখছি না। কোনো অগণতান্ত্রিক (সামরিক) সরকারও এ ধরনের একতরফা নির্বাচনের সাহস দেখায়নি।
“ভোটবিহীন, প্রার্থীহীন নির্বাচন হওয়ার পরও প্রার্থীরা জোর মুখে কথা বলছেন, এটা ভয়ঙ্কর এবং বিশ্বময় নির্লজ্জ ব্যাপার।”
সরকার চাইলে আগামী ৫ জানুয়ারির নির্বাচন বাতিল করলেও ২৪ জানুয়ারির মধ্যে অন্যান্য দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন করা সম্ভব বলে মনে করেন এই অধ্যাপক।
এই সভায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, “একদলীয় এই নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা আসবেন না বলে এ নির্বাচন আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্য হবে না।”
এ নির্বাচনের তফসিল ঘোষণার পরই দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে দাবি করেন তিনি।
বিরোধী দল সমর্থক বিভিন্ন পেশাজীবী সংগঠনের যৌথ আয়োজনে এ সভায় আরো বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মো. আলী, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আব্দুল হাই সিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায়ের চেয়ারম্যান সুকুমার বড়ুয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। যাকে সন্ধ্যায় পুলিশ আটক করে।
‘ঢাকাযাত্রায় যেখানে বাধা, সেখান থেকে আন্দোলন’
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব আগামী রোববারের ঢাকা অভিমুখে যাত্রা কর্মসূচিতে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “শান্তিপূর্ণ এই কর্মসূচি হচ্ছে গণতন্ত্রের মুক্তি ও মানুষের ভোটের অধিকারের জন্য।
“সরকারের উদ্দেশে বলতে চাই, এতে বাধা দেবেন না। যেখানে বাধা দেয়া হবে, সেখান থেকেই শুরু হবে আন্দোলন।”
বর্তমান অবস্থায় নতুন করে নির্বাচন সম্ভবপর নয় বলে মনে করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। ‘‘সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনে ব্যবস্থা নিতে হবে,” বলেন তিনি।
