২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় নির্বাচনী প্রচারণায় হামলা-অগ্নিসংযোগ

জাতীয় সংসদ নির্বাচনের দুই প্রার্থীর সাতক্ষীরায় প্রচারণার সময় মাইক ভাংচুর ও ব্যবহৃত যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 09:07 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল ইসলামপুর এবং সন্ধ্যায় শহরের মিশন স্কুলের সামনে এসব ঘটনা ঘটায় অজ্ঞাত দুর্বৃত্তরা।

এতে ইজিবাইক চালক জামাল হোসেন (৩৮) আহত হন।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি এনামুল হক জানান, সাতক্ষীরা-২ (সদর) আসনের স্বতন্ত্রপ্রার্থী জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবুর হরিণ প্রতীকের প্রচার মাইক বহনকারী ইজিবাইক বিকালে শহরের অদূরে বাঁকাল ইসলামপুরে পৌছালে দূর্বৃত্তরা সেটি ভাংচুর করে।

এ সময় চালক জামালকে মারপিট করে ইজিবাইকে অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা আহত জামাল হোসেনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

অপরদিকে এ আসনের আওয়ামী লীগের প্রার্থী মীর মোস্তাক আহম্মেদ রবির প্রচার মাইক বহনকারী রিকশা সন্ধ্যায় শহরের বাটকেখালী এলাকার মিশন স্কুলের সামনে ভাংচুর করা হয়েছে।

পরে রিকশাটিতে আগুন ধরিয়ে দিয়ে হেলমেট পরিহিত ও মুখে কালো কাপড় বাঁধা কয়েক দূর্বৃত্ত পালিয়ে যায়।

ওসি বলেন,  “এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।”

এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।