২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী জোটের কর্মসূচি ধ্বংস যাত্রা: ইনু  

১৮ দলীয় জোট ঘোষিত ২৯ ডিসেম্বরের পদযাত্রা কর্মসূচিকে ‘গণতন্ত্রের অভিযাত্রা নয় বরং ধ্বংস যাত্রা’ বলে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 08:00 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচন আটকানোর যে কোনো প্রচেষ্টা আইনানুগভাবে মোকাবেলা করা হবে।”

হেফাজতে ইসলামের ‘ঢাকা চল’ ধ্বংসাত্মক কর্মসূচি ‘ধার’ করে বিরোধীদলের চেয়ারপার্সন খালেদা জিয়া নতুন কর্মসূচি দিয়েছেন বলে তথ্যমন্ত্রী অভিমত দেন।

তিনি বলেন, “গণতন্ত্রের অভিযাত্রার বদলে এই কর্মসূচিকে ধ্বংসযাত্রার কর্মসূচি হিসাবে চিহ্নিত করছি। এর মধ্য দিয়ে তিনি (খালেদা)

নির্বাচন বানচাল করতে আরেকটি অগণতান্ত্রিক পদক্ষেপ নিচ্ছেন।

“নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন আটকানোর যে কোনো প্রচেষ্টা আইনানুগ এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।”

“ঘোষণা যদি থাকে নির্বাচন আটকানো, তাহলে তা অগণতান্ত্রিক কর্মসূচি। এসব কর্মসূচি না করতে দেয়াই বাঞ্ছনীয়।”

বিএনপি চেয়ারপার্সনের বক্তব্যে নতুন কোনো রাজনৈতিক প্রস্তাব নেই উল্লেখ করে ইনু বলেন, তিনি রাজনৈতিক সমঝোতার কোনো প্রস্তাবও দেননি।

“নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যাপারে যে দাবি জানিয়ে আসছেন সেই সরকারের রূপরেখা নিয়েও কোনো আলোচনা উত্থাপন করেননি।”

খালেদা জিয়া শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অঙ্গীকার করেছেন এমন বক্তব্যের জবাবে ইনু বলেন, “উনার প্রস্তুতি কি হচ্ছে তা দেখব।”

২৯ ডিসেম্বর খালেদা জিয়াকে বাড়ি থেকে বের হতে দেয়া হবে কি না জানতে চাইলে ইনু বলেন, “২৯ ডিসেম্বরের অনেক দেরি আছে। কী রকম ধ্বংসযজ্ঞ পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন এটা দেখে আমরা ব্যবস্থা নেব।”

সংবাদ সম্মেলনে জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশাসন গভীরভাবে ভাবছে বলেও জানান তথ্যমন্ত্রী।