২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দিন পর বোনারপাড়া-শান্তাহার ট্রেন চলাচল শুরু

নাশকতার কারণে লাইনচ্যুত ট্রেন উদ্ধারের জন্য বন্ধ থাকা গাইবান্ধার বোনারপাড়া-শান্তাহার রুটে ট্রেন চলাচল হওয়ার তিন দিন পর আবার শুরু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 06:55 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

দুর্ঘটনা কবলিত পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের উদ্ধার শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান বোনারপাড়া রেল স্টেশনের মাস্টার আইয়ুব আলী।

আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতায় লাইনচ্যুত হয়ে উল্টে পড়া ট্রেনটির ইঞ্জিন উদ্ধারে মঙ্গলবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য ওই রুটে রেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দিলেও বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উদ্ধার তৎপরতা শেষ হয়।

লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস এবং রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস দিনাজপুরের পার্বর্তীপুর জংশন হয়ে বিকল্প পথে চলাচল করলেও এই তিন দিন গাইবান্ধা জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ ছিল বলে জানান তিনি।

গত ৪ ডিসেম্বর মাঝ রাতে গাইবান্ধার বোনারপাড়া-মহিমাগঞ্জের মধ্যবর্তী স্থান সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ভরুঙ্গীতে রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলে জামায়াত-শিবিরকর্মীরা। এতে ওই ট্রেনের তিনটি বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়ে প্রায় চার যাত্রী নিহত হয়।

পরে ৫ ডিসেম্বর দুটি বগি উদ্ধার করা হলেও ইঞ্জিন ও একটি বগি ঘটনাস্থলেই পড়ে ছিল, যার উদ্ধার মঙ্গলবার শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হলো।