সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল বেলুন বিক্রেতার
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছেন এক বেলুন বিক্রেতা।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত বেলুন বিক্রেতা রফিকুল ইসলামের (৩৫) গ্রামের বাড়ি পিরোজপুরে মঠবাড়িয়ায়। তিনি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
রফিকুলকে হাসপাতালে নিয়ে যাওয়া এলাকাবাসীর বরাত দিয়ে চমেক পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. সুমন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে রফিকুল পলোগ্রাউন্ড এলাকায় বেলুন বিক্রি করছিলেন।
“এসময় হঠাৎ বেলুন ফোলানোর কাজে ব্যবহার করা গ্যাস সিলিন্ডারটির বিস্ফোরিত হলে মারাত্মক আহত হন তিনি।”
গুরুতর আহত রফিকুলকে চমেক হাসপাতালে নেয়ার পর দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়, জানান মো. সুমন।
