পেট্রোল বোমায় দগ্ধ আরেক শ্রমজীবীর মৃত্যু
পেট্রোল বোমায় দগ্ধ হয়ে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন সিরাজগঞ্জের পরিবহন শ্রমিক শাহিন (৩০)।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহিন একজন ট্রাকচালকের সহকারী ছিলেন। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের ৭১ শতাংশ পুড়ে গিয়েছিল।
নিহত শাহিন মহাদেবপুর উপজেলার বাঘাছড়া গ্রামের মকবুল ড্রাইভারের ছেলে।
গত ২১ ডিসেম্বর রাতে ট্রাকভর্তি সবজি নিয়ে নওগাঁ থেকে কুমিল্লা যাওয়ার পথে সিরাজগঞ্জের বানিয়াগাতি এলাকায় অবরোধকারীদের পেট্রোল বোমার শিকার হয় একটি ট্রাক।
এতে ওই ট্রাকের চালক আতাউর রহমানের (৩৫) হাত ও পা পুড়ে যায়। তার সহকারী মাজেদুল ইসলাম (৩২) এবং ওই ট্রাকে থাকা শাহিন পালানোর চেষ্টা করলে তাদের ধরে গায়ে পেট্রোল ঢেলে দেয় অবরোধকারীরা। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গুরুতর দগ্ধ মাজেদুল ও শহিনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর মঙ্গলবার রাতে মারা যান মাজেদুল। এর একদিন পর শাহিনেরও মৃত্যু হলো।
বিরোধী দলের অবরোধের মধ্যে আগুন ও পেট্রোল বোমায় দগ্ধ হয়ে এ পর্যন্ত যারা ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এসেছেন, তাদের মধ্যে মোট ২০ জনের মৃত্যু হয়েছে বলে পরিদর্শক মোজাম্মেল জানান।
